সাবেক র‌্যাব ডিজিসহ তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক র‌্যাব ডিজিসহ তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৯, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এবার ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে রয়েছেন র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ তিন অতিরিক্ত আইজিপি।

আজ বুধবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাকি দুই কর্মকর্তা হলেন, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে টুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং টুরিস্ট পুলিশের ড. খ. মহিদ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।