চোখ ও পায়ের চিকিৎসা করাতে ২০১৭ সালের ১৫ জুলাই যুক্তরাজ্যে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবারের লন্ডন যাওয়ার আগে পর্যন্ত ওটাই ছিল তাঁর সবশেষ বিদেশ যাওয়া। এরপর সাড়ে ৭ বছর ধরে মা-ছেলের আর সামনা-সামনি দেখা হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো, দেখা হলো মা ও ছেলের।
আজ বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান অভ্যর্থনা জানান তাঁকে।
হিথ্রো বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাঁর স্ত্রী ও কন্যা জাইমা রহমান। লন্ডনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন।
