সাংবাদিক হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না: রুহুল আমিন গাজী - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না: রুহুল আমিন গাজী

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন ৪ জন সাংবাদিক। আহত হয়েছেন আরও অনেকে। আমরা তাদের বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

শনিবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন গাজী বলেন, সাংবাদিকরা কোনো পক্ষ না। তারা পেশাগত দায়িত্ব পালন করেন। তাদের ওপর হামলা কেন? তারা নিহত কেন? তারা আহত কেন? তাদের পরিবার চলবে কিভাবে?

গাজী আরও বলেন, সরকারের অত্যাধিক স্বৈরাচারী আচরণের কারণে আজ দেশের এই অবস্থা। সরকারি চাকরিতে কোটার সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন ছিল যৌক্তিক। তাদের আবেদন মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা মেনে না নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা সকল হত্যার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সৈয়দ আবদাল হোসেন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।