ভোট কেন্দ্রের বাইরে আছেন নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ, আনসার, ভেতরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা। ভোটের জন্য যা যা আয়োজন দরকার সবই আছে কিন্তু যাদের জন্য এতো সব আয়োজন, সেই ভোটারদের দেখা নেই।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় শেরপুরের নালিতাবাড়ীর উত্তর নাকশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় মাঠ ফাঁকা। মাঠে ভোটার নেই। শুধু ভোট গ্রহণে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। ভিতরে কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্টরা অবস্থান করছেন।
তবে বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নালিতাবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৩টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া নকলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম বলেন, আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
