সড়কে ঝরল ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্যসহ দুজনের প্রাণ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়কে ঝরল ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্যসহ দুজনের প্রাণ

জনবার্তা প্রতিবেদন
মে ১১, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সড়ক দুর্ঘটনার শিকার ব্যান্ড অড সিগনেচার। এ দুর্ঘটনায় ব্যান্ডটির গায়ক ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়ালসহ ২ জন নিহত হয়েছেন। খবরটি অড সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।

সিলেট যাচ্ছিলেন ব্যান্ডটির সদস্যরা। পথিমধ্যে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়ি। এমনটা উল্লেখ করে আজ শনিবার সকালে ব্যান্ডটির অফসিয়াল ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, ‘সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়।’

এরপর লেখা হয়েছে, ‘ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দূর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’

এ খবর শুনে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। ব্যান্ডটির অনুরাগীরা নেট দুনিয়ায় নিহত পিয়ালের জন্য শোক প্রকাশের পাশাপাশি বাকি সদস্যদের সুস্থতা কামনা করেছেন।

অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।