সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় সাংবাদিকসহ আহত ৩, আটক ৪ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় সাংবাদিকসহ আহত ৩, আটক ৪

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৪, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাংবাদিকসহ তিনজন। গতকাল বুধবার বিকেলে নগরের আম্বরখানা পয়েন্টের এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন এখন টেলিভিশনের সিলেট ব্যুরো রিপোর্টার শাহ রাকিবুল হাসান রাফি, চিত্রগ্রাহক অনিল কুমার পাল ও চালক রুহেল আহমেদ। রাফি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা থানায় রয়েছেন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

আটক চারজন হলেন সুনামগঞ্জের ধর্মপাশার মোহাম্মদ আলীর ছেলে রুকেল (৩৫), দিরাইয়ের ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (৩৪), সদরের আব্দুল্লাহর ছেলে শাহীন মিয়া (২৬) ও সিলেটের টুকের বাজারের নাসির উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২৬)। আটক ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশাচালক।

গতকাল বুধবার বিকেলে ইফতারের সংবাদের তথ্য ও চিত্র ধারণের জন্য আম্বরখানা পয়েন্টে যান রাফি ও ক্যামেরাপারসন অনিল। এখন টেলিভিশনের গাড়ি সেখানে রাখলে তা সরিয়ে নিতে বলতে গিয়ে গাড়িতে থাপ্পড় দিতে থাকেন অটোরিকশাচালকেরা। এর প্রতিবাদ করতে গেলে রাফিসহ তাঁর সহকর্মীদের ওপর হামলা করেন তাঁরা। এ সময় হাতে গুরুতর আঘাত পান রাফি। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলায় আহত রাফি বলেন, ‘হামলায় আমার বাঁ হাতের একটি আঙুলে গুরুতর আঘাত পেয়েছি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।’