শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না : প্রসিকিউটর তামিম - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না : প্রসিকিউটর তামিম

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন, মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার ক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারী হিসেবে কোনো রকমের সহানুভূতি বা বিশেষ সুবিধা দেওয়া হবে না। তিনি আরও জানান, রায়ের স্বচ্ছতা জনগণের কাছে তুলে ধরতে আগামীকাল সোমবার টেলিভিশনে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

আজ রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে একযোগে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে।

আসামি নারী হওয়ায় রায়ে কোনো বিশেষ বিবেচনা করা হবে কি না-এমন এক প্রশ্নের জবাবে তামিম বলেন, সাধারণ আইনে জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ ও কিশোরদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হলেও রায় বা সাজা প্রদানের ক্ষেত্রে নারী-পুরুষের কোনো বিভেদ নেই। তিনি বলেন, রায়ের ক্ষেত্রে আসামি নারী বা পুরুষ যা-ই হোন, তিনি কী ধরনের অপরাধ করেছেন এবং অপরাধের তীব্রতাই কেবল বিবেচ্য হবে। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনার নারী হিসেবে বিশেষ সুবিধা পাওয়ার কোনো বিধান নেই। অপরাধ প্রমাণিত হলে শাস্তি, আর না হলে খালাস দেওয়া হবে।

প্রসিকিউটর তামিম আরও উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধিতে জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ ব্যক্তি ও কিশোর-শিশুদের জন্য বিশেষ বিধান থাকলেও রায় প্রদানের সাধারণ আইনেও নারীদের জন্য আলাদা কোনো সুবিধার ব্যবস্থা নেই। ট্রাইব্যুনাল আইনেও এ সংক্রান্ত কোনো আলাদা সুযোগ-সুবিধার কথা উল্লেখ নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।