শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

পুনর্বহালের দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে, শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। বর্তমানে তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি আলোচনার জন্য ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন।

সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন— এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।

আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার চাকরিচ্যুত এক পুলিশ সদস্য বলেন, আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া আরেকজন বলেন, আমরা গত ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলাম তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরেছি। পরে আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তিনি আমাদের কাগজপত্র দেখেন এবং বলেন যে আমাদের দাবি যৌক্তিক এবং আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তিনি তখন বলেছেন আন্দোলনরতদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। উনার সে আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু একে একে দিন পার হতে থাকে কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। তাই আমরা আবারও আন্দোলনে নেমেছি। আমাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করবো না।