সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে সরকারের পদত্যাগসহ নানা স্লোগান দিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন তারা।
আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠেছে পুরো শহীদ মিনারসহ আশপাশ এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিকশা চালকদেরও স্লোগান দিতে দেখা যায়।
শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিচ্ছেন।
শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টা থেকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন শহীদ মিনার চত্বরে। বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে৷
বিক্ষোভ মিছিলে যোগ দিতে নির্ধারিত সময়ের আগে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় এসে জড়ো হতে শুরু করেন। দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ বেদীর সামনে সমবেত হন তারা৷ এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। এদিকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ আসতে দেখা গেছে সমাবেশে।
বৃষ্টি উপেক্ষা করে সমবেত হচ্ছেন মুক্তিযোদ্ধারাও
বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি জড়ো হচ্ছেন মুক্তিযোদ্ধারাও৷
শহীদ মিনারের মূল বেদি এবং সংলগ্ন সড়কে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছেন তারাও।
এ সময় তারা ‘শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
