শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর যে স্মরণসভার আয়োজন করা হয়েছিল তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ১৪ তারিখের স্মরণসভা হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৭২৮ জনের শহিদের তালিকা হাতে এসেছে। ২০ হাজার ২৬৩ আহত জন। চূড়ান্ত তালিকা হাতে পেলে স্মরণসভা হবে। এর খরচ ৫ কোটির টাকার মধ্যে রাখতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে শহিদ পরিবারের সদস্যরা আসবেন, এখানেই সিংহভাগ খরচ হবে।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের প্রধান। ফাউন্ডেশন মূলত শহিদ ও আহতদের নিয়ে কাজ করবে। তাদের স্মৃতি ধরে রাখতে কাজ করবে। সাধারণ মানুষের ডোনেশন, সরকারি তহবিলের অর্থ ও বিদেশি সহায়তায় অর্থে চলবে ফাউন্ডেশনের কাজ।

প্রশাসন ঢেলে সাজানোর কাজ চলছে জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়গুলোতে যেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো রিভিউ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনিক স্থবিরতা আছে জানিয়ে নাহিদ বলেন, অসহযোগিতা পাচ্ছি। শ্রমিক অসন্তোষ আছে। বিভিন্ন দাবি-দাওয়ার কারণে অস্থিরতা চলছে। তবে কেটে যাবে বলে আশা করছি। সাংবাদিকদের উপর যে নিপীড়ন তার বিষয়ে তদন্ত হবে। ১০০ দিনের কর্মসূচিতে সেখানে অনেক বিষয় আছে। সংস্কারের কাজ চলছে।

সরকার একটি গণমাধ্যম কমিশন তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইন নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন থাকবে না।