রোজায় স্কুল বন্ধ রাখার আদেশ চেম্বারেও বহাল - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোজায় স্কুল বন্ধ রাখার আদেশ চেম্বারেও বহাল

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১১, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

আজ সোমবার (১১ মার্চ) রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। পরে শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। পাশাপাশি মঙ্গলবার (১২ মার্চ) আপিল বিভাগে নিয়মিত শুনানির জন্য পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১০ মার্চ) পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

তবে এদিনই ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, অ্যাটর্নি জেনারেল নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার জন্য।

তার আগে ২৫ ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়।

রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়।

NA 3