রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের নেতা খুন, হামলাকারীর বাড়িতে আগুন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের নেতা খুন, হামলাকারীর বাড়িতে আগুন

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৫, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

ছাত্রদল নেতা খুনের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিএনপি নেতা বায়েজিদের বাড়িতে আগুন দেয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে মোবাইল ফোনে কথা-কাটাকাটি হয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের। এর জের ধরে রাত ১০টার দিকে বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে। তাকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা পাভেল মিয়াকে পেয়ে তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোটা দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রাস্তায় লুটে পড়েন তিনি।

আশেপাশের লোকজন পাভেলকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

পাভেলের খুনের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই বায়েজিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

পুলিশ জানায়, পাভেলের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।