গোপালগঞ্জে রাস্তার পাশ থেকে সোহেল মোল্যা (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ মে) সকালে শহরতলীর মানিকদাহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের ময়েন মোল্যার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ওসি মো. আনিচুর রহমান বলেন, শনিবার (২৫ মে) আসরের নামাজের পর বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন সোহেল। তিনি রাতে গোপালগঞ্জ শহরে রিকশা চালাতেন। সকালে মানিকদাহের কাচারীপাড়া এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সোহেলের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। চালককে হত্যা করে দুর্বৃত্তরা রিকশা নিয়ে পালিয়েছেন বলে ধারণা পুলিশের বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
