রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী জাহাজ মোংলা বন্দরে - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী জাহাজ মোংলা বন্দরে

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৩, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসা জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে ভিড়েছে। রোববার বেলা পৌনে ১১টার দিকে কয়লাবাহী এ জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১২ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে। ফলে কয়লা সংকটে বন্ধ থাকা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি শীঘ্রই ফের উৎপাদনে যাচ্ছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে এম ভি বসুন্ধরা ইমপ্রেস।

এরপর গত ৫ আগষ্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি রোববার মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় এসে পৌঁছেছে। সেখান থেকে লাইটারেজ (নৌযান-কার্গো ও কোস্টার) করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হচ্ছে এ কয়লা।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ার উল আজিম বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লা রোববার মোংলা বন্দরে এসে পৌঁছায়। এখন সেখান থেকে কয়লা খালাস ও পরিবহন করে বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হচ্ছে। এর আগে গত ৫ আগষ্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিক টন কয়লার পুরোটাই এ বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছায়। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছানোর দুই-একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে।

১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ১৭ ডিসেম্বর।