রাজধানীর মধ্য বাড্ডায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মধ্য বাড্ডায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মধ্য বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দুইতলা টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিন ভোর ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দোতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটি এখনো জানা যায়নি।

ওসি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।