রাজধানীতে ১৩ দিনে পুড়েছে ৬৪ বাস: ডিএমপি - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ১৩ দিনে পুড়েছে ৬৪ বাস: ডিএমপি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১০, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন এলাকায় গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ৬৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডিএমপি। এসব ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে রাজধানীর বিভিন্ন থানায়।

শুক্রবার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মহিদ উদ্দিন।

তিনি বলেন, আগুন দেওয়ার সময় জনগণ ও পুলিশের হাতে আটক হয়েছে ১২ জন। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নিচে থেকে অগ্নিসংযোগ করেছে। আটকের সময় তাদের থেকে পেট্রোল, গান পাউডার, দেশলাই, তুলা, পুরনো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে।

আগুন লাগিয়ে পালিয়ে যাবার সময় মোহাম্মদপুরে একজন দুষ্কৃতকারী মারা যায় বলেও জানান তিনি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের অদূরে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধ শুরু হয়।

সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর বিএনপি-জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় দল দুটি। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতারও হন।

দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। তৃতীয় দফার অবরোধ কর্মসূচি শেষ হয় আজ শুক্রবার সকাল ৬টায়। এরপর দুদিন বিরতি দিয়ে আগামী ১২ ও ১৩ নভেম্বর চতুর্থ দফায় আরও দুদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, নতুন-পুরনো নাশকতার মামলায় ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ঢাকায় ১ হাজার ৭৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ ৮ নভেম্বর গ্রেফতার করা হয়েছে ৪১ জনকে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। তবে তত্ত্বাবধায়কের দাবি নাকচ করে সরকার সংবিধানের বিধান অনুযায়ী ভোট করতে অনড়।