রাঙামাটিতে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৭ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৭

জনবার্তা প্রতিবেদন
মে ২, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

তীব্র তাপদাহের মধ্যেই দীর্ঘ প্রতিক্ষার পর পার্বত্য জেলা রাঙামাটিতে বৃষ্টি নেমে আসে। তবে এসময় বজ্রপাতে অন্তত দুইজন মৃত্যুর সংবাদ পাওয়া যায়। আজ বৃহস্পতিবার (০২ মে) রাঙামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা যায়। একই সময়ে আরো অন্তত সাতজনের আহত হওয়ার তথ্য মিলেছে।

নিহতরা হলেন, রাঙামাটি শহরের সিলেটি পাড়ার বাসিন্দা মো: নজির (৫০) এবং বাঘাইছড়ি উপজেলাধীন রুপাকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান বেগম (৫৫)।

রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, অনেক দিন পর আজ সকালে বজ্রপাতসহ বৃষ্টি হয়। এতে বাহারজান নামে একজন নিহত হন।

নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া বাঘাইছড়িতে সকাল সাড়ে নয়টার দিকে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতে সাতজন আহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয়রা।

আহতরা হলেন, তরুন চাকমা, তৃণা চাকমা, রবীন্দ্র চাকমা, সুষমলাল চাকমা, অক্ষয়মনি চাকমা, পাত্থর চাকমা এবং অমরজ্যোতি চাকমা।

অন্যদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা: শওকত আকবর জানান, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন।