যশোর বোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোর বোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৫, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪.২৯ শতাংশ।

সারাদেশের ন্যায় মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা করেন অত্র শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার।

এ বছর যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। গত বছর ২০২৩ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পাসের হার কম।

এবারের পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৭৮ হাজার ৭৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৭৪৯ জন। গত বছর ২০২৩ সালে জিপিএ ৫ এর সংখ্যা ছিল ৮ হাজার ৯৬২। অকৃতকার্য হয়েছেন ৪৩ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী।

যশোর বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। মেয়েরা উত্তীর্ণ হয়েছেন ৪২ হাজার ৫১৭ এবং ছেলেরা উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ২৪৭ জন।

সংবাদ সম্মেলনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ২০২০-২১ সালে করোনাকালে প্রায় দেড় বছর অনলাইনে পাঠদান কার্যক্রম চলমান ছিল। এ সময়টাতে ইংরেজিতে একটু লার্নিং গ্যাপ রয়ে গিয়েছে। যার ফলে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি। তবে এ বছর জিপিএ ৫ এ তারা এগিয়ে রয়েছে।