যশোর থেকে খুলনা-মোংলা রুটে চালু হচ্ছে তিনজোড়া কমিউটার ট্রেন - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোর থেকে খুলনা-মোংলা রুটে চালু হচ্ছে তিনজোড়া কমিউটার ট্রেন

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৬, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাকেন্দ্রিক ট্রেন চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যশোর থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথে চালু হচ্ছে দুই জোড়া কমিউটার ট্রেন। একই সঙ্গে যশোর-খুলনা রুটে চলবে আলাদা এক জোড়া আন্তনগর ট্রেন।

আজ বুধবার রাজধানীর রেলওয়ে ভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, যশোর-মোংলা রুটে শোভন কোচের ভাড়া ১২৫ টাকা, শোভন চেয়ারে ১৫০ টাকা ও প্রথম শ্রেণিতে ভাড়া ২০০ টাকা।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, খুলনা-যশোর-মোংলা-যশোর-খুলনা রুটে ১১৩ থেকে ১১৮ নং মোংলা কমিউটার ট্রেন চলবে। ট্রেনটিতে মোট কোচ থাকবে ৮টি (শোভন সাধারণ-৫টি, পাওয়ার কার-১টি, প্রমম সিট-১টি, গার্ড ব্রেক-১ টি)।

এতে মোট আসন থাকবে ৭০০টি (শোভন সাধারণ-৬৩২টি, প্রথম শ্রেণির সিট ২৪টি, শোভন চেয়ার-৪৪ টি)। ট্রেনটি যশোর থেকে মোংলা যাওয়ার পথে যাত্রা বিরতি দেওয়া হবে—নোয়াপাড়া, দৌলতপুর, খুলনা মোহাম্মদনগর, কাটাখালী।

মোংলা-যশোর রুটে দিনের প্রথম ট্রেন যশোর ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে ও মোংলা পৌঁছাবে ১০টা ২৫ মিনিটে। আর ফিরতি ট্রেন মোংলা ছাড়বে ১০টা ৪৫ মিনিটে আর যশোর পৌঁছাবে দুপুর ১টা ৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি যশোর ছাড়বে ১টা ৫৫ মিনিটে আর মোংলা পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে। আর মোংলা ছাড়বে ৪টা ৫০ মিনিটে এবং যশোর পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

অন্যদিকে যশোর-খুলনা রুটে দিনের প্রথম ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায় আর যশোর পৌঁছাবে ৭টা ১০ মিনিটে। আর যশোর থেকে রাত ৭টা ৪০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৯টার সময়।