যশোরে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিসৌধ’ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিসৌধ’

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৪, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বকুলতলায় পতিত ফ্যাসিস্ট আ’লীগের আমলে নির্মিত শেখ মুজিবের ম্যুরালটি গত ৫ আগস্ট জুলাই বিপ্লবের বিজয় অর্জিত হওয়ার দিনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর করে। অবশেষে সেই ভাঙচুর করা ম্যুরালের ধ্বংসাবশেষ অপসারণ করে সেই স্থানে নির্মিত হচ্ছে জুলাই স্মৃতিসৌধ। রোববার সকাল থেকে যশোর পৌরসভার তত্ত¡াবধানে ম্যুরালের ধ্বংসাবশেষ বুলডোজার দিয়ে সরিয়ে স্থানটি ফাঁকা ও পরিস্কার করা হয়। স্থানটিতে এখন নির্মিত হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিসৌধ’। আজ সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, ম্যুরালের ধ্বংসাবশেষ পরিস্কার করার পর বকুলতলা চত্বরে জুলাই স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এছাড়া রাস্তা দখল করে নির্মিত প্রাচীর ভেঙে রাস্তার সাথে যুক্ত করা হবে, যাতে ওই অঞ্চলের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখে।

বিষয়টি নিয়ে যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘জুলাই শহিদ স্মৃতিসৌধ’ নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। এ প্রকল্পের জন্য ১৪ লাখ টাকার বাজেট নির্ধারিত হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট।

তিনি আরও জানান, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক শ্লোগানগুলোই এ স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে। এসব শ্লোগানের মধ্য দিয়ে প্রতিফলিত হবে জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে আন্দোলনের শক্তি কতটা যুগান্তকারী হতে পারে। স্মৃতিসৌধটির নির্মাণ শেষ হলে এটি যশোরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।