যশোরে আকাশ হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের শংকরপুর বটতলা মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ হোসেন (২৮) ওই এলাকার তোতা মিয়ার ছেলে।
নিহত আকাশের স্ত্রী জানান, ফেসবুকে এক পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ চলছিল। তানভির তার স্বামী আকাশকে হোয়াটাসঅ্যাপে হত্যার হুমকি দেয়। রাতে তাকে ফোন কলে ডেকে নিয়ে এসে সাব্বির ও তানভিরসহ ১০ থেকে ১২ তাকে মারধোর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে। ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় জেনে অভিযানে মাঠে নেমেছে পুলিশ। আসামিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।



