মোরেলগঞ্জে যুবলীগ কর্মীর রগ কাটল দুর্বৃত্তরা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে যুবলীগ কর্মীর রগ কাটল দুর্বৃত্তরা

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হাত, পা ভাঙাসহ পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের বৌ বাজার এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। রাত ৩টার দিকে স্বজনেরা তৌহিদুলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তৌহিদুল ইসলাম কামলা গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে।

তিনি জানান, তৌহিদুল ইসলাম ঢাকায় বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি কাজ করেন। তিনি যুবলীগের ত্যাগী কর্মী। রাতে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে। এ ঘটনার জের ধরে আজ বুধবার (৬ ডিসেম্বর) বেলা ৯টার দিকে কামাল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দু’দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তৌহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগম বলেন, ঘটনার সময় ৫ মাস বয়সী শিশু সন্তানের জন্য ওষুধ কেনার জন্য নিকটস্থ বাজারে গেলে দুর্বৃত্তরা তৌহিদুলের ওপর হামলা করে। তার অবস্থা আশঙ্কাজনক।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।