মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৪, ২০২৪ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফিজুল মাতুব্বর (১৮) ও ফায়জুল মাতুব্বর (১৫) নামের দুই কিশোর নিহত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

হাফিজুল মাতুব্বর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই দুই কিশোর মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হন। বিভিন্ন স্থানে ঘুরে টেকেরহাটের দিকে আসছিলেন তারা। পথিমধ্যে রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মোটরসাইকেলটি ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেলের চালক হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কের ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।