মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামে দুই বন্ধু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তাদের আরেক বন্ধু তানজিম শেখ।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে।

আহত তানজিম শেখ একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে। হতাহত তিনজনই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটরসাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওই বিদ্যালয় প্রধান শিক্ষক শুভ্রত রায় ও ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল সোয়া ৯টার দিকে দশম শ্রেণির তিন ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে সেখানেই স্বাধীন ও রহমতের মৃত্যু হয়। আর গুরুতর আহত হয় তানজিম। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।