নওগাঁর বদলগাছীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আহত বাবা নূর ইসলাম (৫২) এর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মার্চ) উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরা মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
নূর ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে আর অভিযুক্ত নাসিম নিহতের ছেলে।
জানা যায়, গত বুধবার সকাল থেকে বাবা ছেলে সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। বিকেল ৫টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও বাবা নুর ইসলামের মধ্যে তর্কের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে নূর ইসলাম আহত হয়ে পড়লে গ্রামবাসী প্রথমে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। এতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নূর ইসলামের মৃত্যু হয়। বর্তমানে ছেলে নাসিম পালাতক আছেন। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন। তবে ছেলে সবসময় নেশাগ্রস্ত থাকে।
ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



