ময়মনসিংহের সাবেক এমপি ধনু ঢাকায় গ্রেফতার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের সাবেক এমপি ধনু ঢাকায় গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
মে ১৫, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা।

বুধবার (১৪ মে) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। এই ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ওই বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন, যাতে আসামি হিসেবে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর নামও রয়েছে।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এসব মামলার ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।