স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে মোবাইল ফোনে বক্তব্য ভিডিও করে পাখি আক্তার সম্পা (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী রুনু প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছে।
সম্পা আকতার বগুড়া শহরের মালগ্রাম উত্তর পাড়ার রুনু প্রামানিকের স্ত্রী।
সম্পার ভাই মুক্তার হোসেন বাদী হয়ে দায়ের করা আত্মহত্যার প্ররোচনা অভিযোগে মামলায় রুনু প্রামানিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সোমবার বিকেলে বগুড়া শহরের জামিলনগর (তালতলা) এলাকায় ভাড়া বাড়িতে পাখি আক্তার সম্পা তার নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার আগে পাখি আকতার সম্পা ভিডিওতে উল্লেখ করেন, রুনু তার প্রথম স্ত্রী থাকার পরেও তাকে বিয়ে করে জামিল নগরে ভাড়া বাড়িতে রাখে। রুনু মাঝে মধ্যেই তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করতো। একারণে এর আগেও তিনি (সম্পা) আত্মহত্যার চেষ্টা করেছিল। ভিডিও বক্তব্যে সস্পা আকতার আরও উল্লেখ করেন- স্বামী রুনুর অত্যাচারেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এক মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও বক্তব্য রেকর্ড করার পর তার ফেসবুক আইডি নিস্ক্রিয় করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বগুড়া সদর থানার ওসি জানান, ওই নারীর লাশ উদ্ধারের পর তার ব্যক্তিগত মোবাইল ফোনে ভিডিও বক্তব্য পাওয়া যায়। একারণে তার স্বামীকে গ্রেফতার করা হয়। পরে সোমবার রাতে ওই নারীর ভাই মুক্তার হোসেন বাদী হয়ে রুনু প্রামানিকের নামের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
