ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৭, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় তিনি নিহত হন।

নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। সে চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবি অবগত করে বিএসএফকে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ভারতীয় চোরাকারবারি (খাসিয়া) কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানার পর বিএসএফকে জানালে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে প্রদান করে। পরে সেটি যাচাই-বাছাই করে শাহেদের মরদেহ নিশ্চিত হওয়া যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।