বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১০, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

দুই মাসের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং ওনার কিছু উপসর্গ দেখা দেয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে করে হাসপাতালে যান খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ জুন রাতে একই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখন পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

বন্দি অবস্থায় ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

জানা গেছে, এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।