বেইলি রোডে আগুন : দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড - জনবার্তা
NA 1
ঢাকা, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেইলি রোডে আগুন : দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় চিকিৎসাধীন ৫ জনের অবস্থা শঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (২ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের প্রধান হিসেবে রয়েছি আমি। দগ্ধ ১১ জন রোগীর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, ৬ জনকে ছেড়ে দেবো। আর ৫ জন থাকবে।’

তিনি বলেন, যাদের ছেড়ে দেবো, তারা মোটামুটি ভালো আছেন। আর বাকি যে ৫ জন থাকবেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। যারা আছেন, তাদের আরও পর্যালোচনা করে কয়েক দিন পর সিদ্ধান্ত নেবো কী করা যায়।

এদিকে বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের ৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন বলছে, শনাক্ত না হওয়া বাকি ৩ জনের মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিললে তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।

ওই অগ্নিকাণ্ডে আশঙ্কাজনক ৫ জন এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এছাড়া ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন আরও ২ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।

NA 3