বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

২০২৩ সালে পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ রোববার (০৫ অক্টোবর) শুনানি শেষে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সম্প্রতি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন বিচারক গ্রহণ করেন এবং ২২ জন আসামিকে অব্যাহতি দেওয়া হয়।”

অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহসভাপতি নজরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক ও শরীফ উদ্দিন জুয়েল প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দেড় লাখেরও বেশি নেতাকর্মী সমবেত হয়। এ সময় উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। একইভাবে গণঅধিকার পরিষদের কর্মীরাও সংঘর্ষে জড়ায়। পরে এলাকায় আতঙ্ক ছড়াতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ঘটনার পর বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. রুহুল আমিন মোর্শেদ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।