কুষ্টিয়ার সদর উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে ইবির আরও দুই শিক্ষার্থী।
সোমবার সকালে উপজেলার বটতৈল ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম ইবির আরবি ভাষা সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু নাঈম।
জানা যায়, রাশেদুল বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবিতে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান তিনি। রোববার ক্যাম্পাসের উদ্দেশে খুলনাগামী সীমান্ত ট্রেনে পোড়াদহে স্টেশনে আসেন। পরে সেখান থেকে অটোরিকশা নিয়ে কুষ্টিয়ার বটতৈলে আসেন।
বটতৈল থেকে সোমবার সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য শ্যামলী পরিবহণের একটি বাসে উঠে। বাসটি বৃত্তিপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাশেদুল গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসারত অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন একই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও আবু নাঈম। তবে, তারা এখন শঙ্কামুক্ত বলে জানান দায়িত্বরত চিকিৎসক।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, ‘আহতদের চিকিৎসা চলছে। কেউ ক্লেইম না করায় আপাতত লাশের ময়নাতদন্ত করছি না।’
