মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্রুতগতি বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ।
নিহতদের মধ্যে একজনের নাম হাসিনা বেগম (৪২)। বাকি দুইজনের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন চট্রগ্রাম জেলার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো.জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২) অন্তত ৮ জন।
হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদীখান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৭৩২৫) এক যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪২৮৯) দাঁড়িয়ে ছিল। তাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়।
ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
