ফের হার্ট অ্যাটাক হয়েছে সাঈদীর: চিকিৎসক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফের হার্ট অ্যাটাক হয়েছে সাঈদীর: চিকিৎসক

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৪, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এনজিওগ্রাম করে তার হার্টে নতুন একটি অ্যাটাক পাওয়া গেছে। তবে এই অ্যাটাকের জন্য রিং লাগবে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রোববার (১৩ আগস্ট) রাতে বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি ওনাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম, হার্টে একটা অ্যাটাক হয়েছে। এখনো তাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে। ওনার ছেলের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি গোয়েন্দা বিভাগের লোকজনও রয়েছে।

কার্ডিওলজি বিভাগের এই অধ্যাপক আরও বলেন, ইসিজিতে দেখা গেছে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু এখনো পুরোপুরিভাবে বলা যাচ্ছে না অবস্থা কোন দিকে যাবে। আগেই ওনার স্টেন্ট (রিং) লাগানো আছে।

নতুন করে রিং পরাতে হবে কি না জানতে চাইলে ডা. মোস্তফা জামান বলেন, হাসপাতাল থেকে আমাকে বলা হয়েছে এনজিওগ্রাম করে রিং বসানোর প্রস্তুতি নিয়ে রাখার জন্য। কিন্তু তার রিং লাগবে কি না সেটি এখনো বলা যাচ্ছে না। মনে হচ্ছে রিং লাগানো নাও লাগতে পারে। হয়ত ফলোআপে রেখে অন্যান্য ওষুধেই চিকিৎসা চালিয়ে গেলেই হবে। সেটিও আমি এখন নিশ্চিত করে বলতে পারছি না।

এর আগে, আজ (রোববার) রাত ১০টা ৪০ মিনিটে তাকে বিএসএমএমইউয়ে আনা হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক ইমার্জেন্সিতে রয়েছেন।

তারও আগে কাশিমপুর কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আমৃত্যু কারা দণ্ডাদেশ পাওয়া এই জামায়েত নেতা।

কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় করাগার পার্ট-১ বন্দি আছেন। সেখানে রোববার বিকেল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।