ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে প্রাইম ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের অপারেটর সাইদুল ইসলাম রনি (৩০) নিহত হয়েছেন। এসময় অটোরিকশার চালক জাহিদ আলম (২৭) আহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাইদুল ইসলাম রনি ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ আধাঁর মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত জাহিদুল আলম সোনাগাজীর নবাবপুরের কবির আহাম্মদের ছেলে।
আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত রনির লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত দুই মাস আগেই রনি বিয়ের হয়। তারা আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছে পরিবার।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কুদরত উল্লাহ বাবু জানান, এটি একটি দুর্ঘটনা। আমাদের কোনো ভুলের কারণে এটি হয়নি। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটিও নতুন। এটি এখনো অন টেস্ট। এটির জন্য গাড়ি কর্তৃপক্ষ দায়ী।
ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, নিহত রনির লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



