প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ দিলেন প্রেমিকা! - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ দিলেন প্রেমিকা!

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৫, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক মদন কর্মকার (৩০)। এমন খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ দেন প্রেমিকা সুদীপ্তা দাস কেকা (২৬)। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লায় সুদীপ্তা দাস কেকার মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে সোমবার গভীর রাতে প্রেমিক মদন কর্মকার বগুড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে। বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

অপরদিকে সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার অতল কৃষ্ণ দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীতশিল্পী ছিলেন।

স্থানীয়রা জানান, বগুড়ায় প্রেমিক মদন কর্মকারের মৃত্যুর খবর শুনে বেলা ১১টার দিকে বাড়িতে গ্যাস ট্যাবলেট খান সংগীতশিল্পী সুদীপ্তা দাস কেকা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে তিনি বিকেলে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, মদন কর্মকার বিবাহিত হওয়া সত্ত্বেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তবে সুদীপ্তাকে তিনি বুঝতে দেননি যে তিনি বিবাহিত। মদনের কর্মস্থল বগুড়ায় হওয়ায় সুদীপ্তা মাঝে মধ্যেই সেখানে গিয়ে দেখা করতেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুদীপ্তা দাস কেকার মরদেহ এখন থানায় রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।