পূজায় সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে : সেনাপ্রধান - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূজায় সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে : সেনাপ্রধান

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে পূজার আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রমনা কালী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে এসে এ নিশ্চয়তা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শুভেচ্ছা বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন খুব ভালোভাবেই চলেছে, বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সব ধর্মের মানুষের মাঝে সহমর্মিতা ও সহাবস্থান অতীতের মতো ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দ, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে আসছি। এই যে আমাদের সহাবস্থান, একজন আরেকজনের প্রতি যে সহমর্মিতা যেটা অতীতে সবসময় বজায় ছিল, ভবিষ্যতেও এই সহমর্মিতা বজায় থাকবে।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন ভালোভাবে সম্পন্ন হয়েছে, বাকি যে সময়টা রয়েছে সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

রমনা কালী মন্দিরে সস্ত্রীক এসেছিলেন সেনাবাহিনী প্রধান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, তিনশ বছরের পুরনো মন্দিরে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমরা সবাই আপনাদের পূজা পার্বণে শরিক হবো, আপনাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব। শতাব্দীর পর শতাব্দী আমরা এটাই করে আসছি, ভবিষ্যতেও তা জারি থাকবে।

তিনি আরও বলেন, সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু ঢাকা নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছা।