‘পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক

জনবার্তা প্রতিবেদন
মে ১৫, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সাবেক এক বিএনপি নেতাকে থাইল্যান্ড পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সম্প্রতি চাঁদার দাবিতে হুমকি দেওয়া একটি অডিও ক্লিপ ভাইরাল হলে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নামে এই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে আটকের পর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজাদ হোসেন নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি অডিও ভাইরাল হয়। এতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী ওই ব্যবসায়ীকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিচ্ছেন বলে শোনা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। তিনি এই ঘটনায় আটকের ভয়ে আজ সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছিলেন। তবে বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।

চাঁদাবাজির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।