পাবনায় আ.লীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসি, যাবজ্জীবন ৫ জনের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় আ.লীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসি, যাবজ্জীবন ৫ জনের

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকাণ্ডে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথাসহ ৯ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদলতের বিচারক মহিদুজ্জামান এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথা, আশরাফ মালিথার ছেলে স্বপন মালিথা, রিপন খান, শহরের চক ছাতিয়ানি মহল্লার মৃত কালাম মালিথার ছেলে আশিক মালিথা, নুরুজ্জামান রাকিব মালিথা, ইয়াসিন আরাফাত ইস্তি, মো. রঞ্জু মালিথা, জনি ও চক ছাতিয়ানির মৃত আব্দুল হাকিম মালিথার ছেলে মোহাম্মদ আলিফ মালিথা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- দুলাল মালিথা, রাজু মালিথা, হায়দার মালিথা, সঞ্জু মালিথা ও বেলাল হোসেন উজ্জ্বল। আসামিরা পাবনা জেলা কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, সাইদার মালিথা ও আলাউদ্দিন মালিথা তারা একে অপরের চাচাতো ভাই। তাদের একে অপরের সঙ্গে টাকা নিয়ে গণ্ডগোল হয়। পরে বড় ভাই ছোট ভাইকে একটি থাপ্পড় দেন। এই বিবাদে ছোট ভাই তাকে হত্যার পরিকল্পনা করেন। সাইদার মালিথা হত্যা মামলার মোট আসামি ছিল ২১ জন। এর মধ্যে ৯ জনের ফাঁসির আদাশ ছাড়াও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় আসামি থাকা ৭ জন খালাস দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে চা খাচ্ছিলেন সাইদার মালিথা (৫০)। এ সময় বেশ কয়েকজন এসে তাকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত সাইদার মালিথা হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন।