নিজ বাড়িতে প্রবাসীকে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজ বাড়িতে প্রবাসীকে হত্যা

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৫, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিয়ের ২৮ দিনের মাথায় নিজ বাড়িতে খুন হয়েছেন জামাল শেখ (৫৫) নামে এক মালয়েশিয়া প্রবাসী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ ওই গ্রামের বাসিন্দা মৃত হাতেম শেখের ছেলে। তিনি বাবা ও মায়ের একমাত্র সন্তান। বাবা হাতেম শেখ পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন। জামাল দীর্ঘ ১৫ বছর ধরে মলয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি দেড় মাস আগে বাড়ি আসেন।

গত ২৮ দিন আগে তিনি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের বাসিন্দা সাজেদা বেগমকে (২৯) বিয়ে করেন। শুক্রবার রাতে বাড়িতে স্বামী ও স্ত্রী ছিলেন।

স্ত্রী সাজেদা বেগম বলেন, শুক্রবার রাতে আমরা ঘুমিয়েছিলাম। দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বাইরের দরজা খোলার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। তখন ঘরের মধ্যে দুইজন ব্যক্তিকে দেখতে পাই। তাদের একজনকে আমার স্বামী চিনে ফেলে। তাকে চিনে ফেলায় ওই ব্যক্তি শাবল দিয়ে স্বামীর অন্ডকোষে আঘাত করে পালিয়ে যান। এর ফলে তার স্বামী গুরুতর আহত হন।

পরে আহত জামাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে। চুরির বিষয়সহ বিভিন্ন দিক বিবেচনায় রেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।