নিজের ঘরে স্ত্রীর সঙ্গে প্রেমিক, স্বামীর আত্মহত্যা - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের ঘরে স্ত্রীর সঙ্গে প্রেমিক, স্বামীর আত্মহত্যা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৩, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকীয়ার জেরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন অটোচালক রবিউল ইসলাম (২২)। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বসতঘর থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজাপুর ইউনিয়নের সত্যনগর এলাকায় এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম ওই এলাকার রিকশাচালক হারুন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

পরিবার সূত্রে জানা গেছে, ৪ মাস আগে উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকার মো. কালামের মেয়ে বিথির সঙ্গে পারিবারিকভাবে রবিউলের বিয়ে হয়। কিন্তু রবিউলের সঙ্গে বিয়ের আগে বিথির উপজেলার ভাতকাঠি এলাকার চান মিয়ার ছেলে মো. সজিবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। যা বিথির পরিবার গোপন করেই রবিউলের সঙ্গে বিয়ে দিয়েছিল। পরে বিষয়টি জানাজানি হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে সমস্যা হওয়ায় দুই পরিবার এবং স্থানীয় মুরুব্বিরা মিলে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর বিথি বাবার বাড়ি চলে যান। তবে এ সিদ্ধান্তের কয়েকদিন পর বিথি আবার স্বামীর ঘরে চলে আসেন।

এরপর বুধবার সকাল ৮টার দিকে প্রেমিক সজিব বিথির সঙ্গে দেখা করতে যান। স্বামী রবিউল বাড়ি ফিরে সজিবকে ঘরে দেখতে পান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিথিকে তার সংসার ছেড়ে চলে যেতে বলে রবিউল। এরপর বিকেলে বিথি বাপের বাড়ি গেলে সন্ধ্যায় রবিউলের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত রবিউলের বাবা হারুন হাওলাদার বলেন, আমি সন্ধ্যায় এসে দেখি ঘরের ভেতরে অন্ধকার এবং ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে আমার ছেলে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এরপর আমি ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।