নিখোঁজের ২ দিন পর ধানখেতে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ২ দিন পর ধানখেতে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৫, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বারইটারী এলাকার কালী মন্দির এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

স্থানীয়রা জানান, নিহত শাহিন আলম গত দুই দিন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে বারইটারীর কালী মন্দির এলাকার একটি ধানখেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের পরিবারের লোকজন বলছেন, শাহিন নিখোঁজ হওয়ার আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনের সন্ধানে বাড়ি থেকে বের হবার পর থেকে আর বাড়িতে ফেরেননি তিনি।

ওসি রুহুল আমিন বলেন, নিহত যুবক নাকি দুদিন থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়টি আগে কেউ জানায়নি। খবর পেয়ে আজ একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হলো। আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।