নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় নাছিমা বেগম (৪০) ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) তীরনই নদীর কাশিপুর এলাকার মিনি কক্সবাজার পশ্চিম পাশের ঘাট থেকে সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাছিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের মধ্যে শাওনের বয়স ৮ বছর ও ছোট ছেলে সিফাতের বয়স ৪ বছর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নাছিমা দুই বাচ্চাসহ মাঠে গরু চরাতে যান। এসময় নদীর পাশের মাঠে দুই ছেলে খেলছিল। কিন্তু মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার পর থেকে মা ও দুই ছেলের দেখা না পাওয়ায় স্থানীয়রা তাদের খুঁজতে শুরু করেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান।

এই বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মাসহ দুই ছেলে নিখোঁজ হয়। তারা মাঠে গরু চরাতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে এস সময় কোনোভাবে নদীতে পড়ে মারা গেছে। বুধবার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।