বিএনপি- জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের সময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পালানোর সময় ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশ আরও ৪ জনকে আটক করে ওই মিছিল থেকে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয় জানান, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামায়াত নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে আটক করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও ৪ জনকে আটক করে। পরে আটক ১৬ জনকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
