নাফ নদীতে বিজিপির গুলি, ২ বাংলাদেশি জেলে আহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাফ নদীতে বিজিপির গুলি, ২ বাংলাদেশি জেলে আহত

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২১, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বাংলাদেশি দুই জেলে।

রোববার (২১ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। এর মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক। রোববার দুপুর ১টার দিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

টেকনাফের সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রণয় রুদ্র জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরে তিনটি গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাতে সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, রোববার সকালে মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফ নদীতে যান। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিজিপি। এতে দুজন গুলিবিদ্ধ হয়। জেলেরা বাংলাদেশের জলসীমায় ছিলেন বলে দাবি তাদের।

এদিকে চলমান অস্থিরতায় আজ রোববার সকাল থেকে কোস্ট গার্ডের টহল চলে নাফ নদীতে। টহল পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তার পরিদর্শনের মধ্যেই ঘটল এমন ঘটনা।