নতুন মামলায় গ্রেফতার হাজী সেলিম-সৈকত-মানিক - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন মামলায় গ্রেফতার হাজী সেলিম-সৈকত-মানিক

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৭, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককেও গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকালে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তিনজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় তাদের এজলাসে তোলা হয়।

জানা যায়, ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালান এলাকায় কাজল প্লাস্টিক কারখানায় কাজ করতেন। ৫ আগস্ট দুপুরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন রাকিব। তাকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন মামলা দায়ের করেন। মামলায় হাজী সেলিম এক নম্বর, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি।