নওগাঁয় জেলা যুবদলের আহ্বায়কসহ বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার (টিপু), সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, হাঁসাইগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও হাপানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
ওসি ফয়সাল বিন আহসান বলেন, রাতে নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি নাশকতার মামলা হয়। গ্রেফতার বিএনপির নেতা-কর্মীরা ওই মামলার আসামি। গ্রেফতার বিএনপির নেতা-কর্মীদের আজ সকালে আদালতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
