দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে দেওয়া হবে: শ্রম উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে দেওয়া হবে: শ্রম উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৭, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

অতি দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে। ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় সেজন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে। দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোক্তাদের কষ্ট লাঘবে হাতবদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে। সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এতে সহায়তায় করবে সরকার।

বেসরকারি খাতে ঋণ সুবিধা দিতে সরকার সহায়তা করবে জানিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর।

বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পায় বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, সমবায় পদ্ধতি এখনও দেশে চালু করা হয়নি। ৪-৫ হাত বদলে দাম বাড়ছে পণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে বাজারে এই অস্থিরতা থাকতো না।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান উপস্থিত ছিলেন।