দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। সেখানে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়। এবারই প্রথম সরাসরি সম্প্রচারিত ভাষণে সিইসি তফসিল ঘোষণা করলেন।
ঘোষিত নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।
এর আগে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ৩৬তম বৈঠকে বসে কমিশন। সেখানেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
