দেড় শতাধিক শিক্ষার্থী আহত, আন্দোলন অব্যাহত থাকবে: নাহিদ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেড় শতাধিক শিক্ষার্থী আহত, আন্দোলন অব্যাহত থাকবে: নাহিদ

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৫, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে হামলা করে আন্দোলন দমানো যাবে না, এই আন্দোলন অব্যাহত থাকবে বরে জানান এই সমন্বয়ক।

সোমবার (১৫ জুলাই) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ এই কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত দেড় শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা তার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ হামলা শুরু করে। তারা লাঠি-রড দিয়ে মেয়েদের মারধর করেছে। কয়েকজনের মাথা ফাটিয়ে দিয়েছে।

কোটা সংস্কার আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা আমাদের অসুস্থ ভাই-বোনদের চিকিৎসা শেষে আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। মিছিল করব। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

এ দিকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ। বিভিন্ন হল এলাকায় শোডাউন অব্যাহত রেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা৷